নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১০দফা দাবি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান। আমাদের প্রথম দাবী এই নিশিরাতের সরকার এই রাতের ভোটের সরকারের সংসদ বাতিল করতে হবে।
বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভায় বক্তব্যে রাখতে গিয়ে রুহুল আমিন শিকদার এসব কথা গুলো বলেন। রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, এই দশ দফা দাবির মাধ্যমেই বিএনপির আন্দোলন ও জাতীয় সরকারের রুপরেখা রয়েছে। আমরা এই রুপরেখা জনগণের কাছে তুলে ধরে এ সরকারের পতন ঘটাবো। অতীতের চেয়ে বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপি অনেক শক্তিশালী। ইনশাল্লাহ আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমদ আযম খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।