স্টাফ রিপোর্টার:
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে আড়াইহাজারে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার বাজারে ৬ দফা দাবির সমর্থনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আমির মাওলানা হাদিউল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে ১১ দলীয় জোটের ৬ দফা দাবিসংবলিত লিফলেট তুলে দেন। পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি সফল করতে জনসাধারণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
কর্মসূচিকে ঘিরে আড়াইহাজার বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে লং মার্চের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন।