বিশেষ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা ফকির জহির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলীবীচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন ফকির জহির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ওই রাতে চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন জহির। পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।
এসআরবি জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করার পর কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।