মো. জিয়াউর রহমান:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে আড়াইহাজারসহ দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, “তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। আড়াইহাজারের পাশাপাশি পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে। তোমাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। আমাকে সবসময় তোমাদের পাশে পাবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান নজরুল ইসলাম আজাদ।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের সবাইকে বর্জন করতে হবে। সে আপনার পরিবারের সদস্য হলেও তাকে বর্জন করতে হবে।”
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, “যাদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে এবং যারা সমাজের কল্যাণে কাজ করবে, আগামী নির্বাচনে আমরা দল থেকে তাদেরই সমর্থন দেব।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাইমা নুসরাত জিনিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।