সৌদি আরবের দাম্মামের সুবেকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বিন মিশাল ট্রাভেলসের ১৯তম শাখা। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম বিন মিশাল।
প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ ও সংশ্লিষ্ট সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে নতুন এই শাখার যাত্রা শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা এবং জেদ্দার নাজলাতেও বিন মিশাল ট্রাভেলসের আরও দুটি শাখার উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম আরও বিস্তৃত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের সুসংগঠিত সেবা প্রদান এবং তাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিন মিশাল ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় সেবা প্রদানে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন শাখাগুলোর মাধ্যমে সেবার পরিধি আরও বাড়বে এবং প্রবাসীরা সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনকে ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে নতুন শাখাকে স্বাগত জানান।
স্থানীয় প্রবাসীরা জানান, সুবেকায় বিন মিশাল ট্রাভেলসের নতুন শাখা চালু হওয়ায় ভ্রমণ, টিকিট ও অন্যান্য সংশ্লিষ্ট সেবা গ্রহণে তাদের সময় ও ভোগান্তি কমবে। বিশেষ করে স্থানীয়ভাবে বসবাসরত প্রবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিন মিশাল ট্রাভেলসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।