শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত 

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত 

বিশেষ সংবাদদাতা:

 

মন্ত্রীপরিষদের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস ব্যাপী প্রতি শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ নিয়মিত পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়, পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়সহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

প্রতি শনিবার কার্যক্রমের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। মশার প্রজননস্থল হতে পারে এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, আবর্জনা ও অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

শিক্ষা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা, টব, পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের বাজার এলাকার ব্যবসায়ী, দোকানদার ও অন্যান্য লোকজনদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। তাদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ও আশপাশ পরিষ্কার রাখা, আবর্জনা নিয়মিত অপসারণ, কোনো পাত্রে পানি জমতে না দেওয়া এবং বাজার এলাকায় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, সরকার ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রতি শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত তদারকিতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন