স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালিরহাট এলাকার জালাকান্দি বোনাফাইড মশারি ফ্যাক্টরির বিরুদ্ধে বেতন-ভাতা, কর্মঘণ্টা ও সরকারি ছুটি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্ট এবং তাতে দেওয়া মন্তব্যে এসব অভিযোগ তুলে ধরেছেন কয়েকজন ব্যক্তি।
বুধবার (৫ আগস্ট) ‘আড়াইহাজার হেল্পলাইন’ নামে একটি ফেসবুক গ্রুপে রনি মোল্লা নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি ছুটি পালন করে না এবং শ্রম আইন যথাযথভাবে অনুসরণ করে না। তাঁর দাবি, শ্রমিকদের বেতন মাসের ১০ বা ১১ তারিখে দেওয়ার কথা থাকলেও অনেক সময় ১৫ থেকে ২০ তারিখ পর্যন্ত বিলম্ব হয়। এতে নিম্ন আয়ের শ্রমিকরা পরিবার নিয়ে দুর্ভোগে পড়েন।
পোস্টে আরও অভিযোগ করা হয়, ৫ আগস্ট সরকারি ছুটির দিনেও কারখানাটি খোলা রাখা হয়েছে। ওই দিনের অতিরিক্ত কাজকে ওভারটাইম হিসেবে গণনা করা হয়নি বলেও দাবি করা হয়।
পোস্টটির মন্তব্যের ঘরেও কয়েকজন ব্যক্তি একই ধরনের অভিযোগ করেন। তাঁদের দাবি, ঈদের ছুটির দিনেও কারখানায় কাজ করানো হয়। অনেক ক্ষেত্রে শ্রমিকদের ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হলেও সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয় না। পাশাপাশি নির্ধারিত সময়ে বেতন না পাওয়ার অভিযোগও করেন তারা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এসব অভিযোগের বিষয়ে জালাকান্দি বোনাফাইড মশারি ফ্যাক্টরির কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।