মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মস‌জি‌দের অজুখানা ভাঙচুর, মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ৭:৪৫ অপরাহ্ণ

আড়াইহাজারে মস‌জি‌দের অজুখানা ভাঙচুর, মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের অজুখানা ভাঙচুর এবং এক মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে এক নারীকে মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে মঙ্গলবার সকালে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।

 

অভিযোগকারী মো. শাহপারান সেন্দী মাসজিদুল মাক্কী মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। অভিযোগে হযরত আলী (৬৫), তাঁর ছেলে আমান উল্লাহ (২৫), নাজমা আক্তার (৩৩) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

 

লিখিত অভিযোগে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের সেন্দী মাসজিদুল মাক্কী মসজিদে এ ঘটনা ঘটে। মাগরিবের নামাজ শেষে মুসল্লি শাহিন আক্তার মসজিদে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রড, স্টেইনলেস স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে মসজিদের প্রধান ফটকে গিয়ে তাঁকে বাইরে বের হওয়ার জন্য ডাকাডাকি করেন। তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, শাহিন আক্তার মসজিদ থেকে বের না হলে অভিযুক্তরা তাঁকে বের করতে না পেরে অজুখানার পানির ট্যাব ও পাইপলাইন ভাঙচুর করেন। পাশাপাশি মসজিদের প্রধান স্টেইনলেস স্টিলের ফটক ভাঙারও চেষ্টা চালান। এ সময় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে শাহিন আক্তারের ফুফুকে লোহার রড ও স্টেইনলেস স্টিলের পাইপ দিয়ে মারধর করা হয়। এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়েছে, পরে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে যান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ করা হয়।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সব‌জেল হো‌সেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন