স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে অবৈধভাবে সড়ক দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে পাঁচ দোকানিকে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সড়ক দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে সড়কের অংশ দখল করায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় পাঁচজন দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— সামিউল (২৫), ৩০০ টাকা; হোসেন (২৫), ৩০০ টাকা; ছগির (৩৫), ৩০০ টাকা; মান্নান (২৫), ২০০ টাকা এবং নাদিম (২৫), ৩০০ টাকা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা যাবে না। যারা সড়ক দখল করে দোকান বসিয়েছেন, তাদের আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল পুনরায় দেখা গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন জানায়, জনস্বার্থে আড়াইহাজার বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং সড়ক চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।