মো. জিয়াউর রহমান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-২ আসনে মনোনয়ন দেয়া হয়েছে শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে।
শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া শিক্ষকদের বিভিন্ন আন্দোলন, যেমন এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা, উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষক আন্দোলন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মিথ্যা ও সাজানো মামলায় তিনি কয়েকদফা কারাগারে ছিলেন। এছাড়া রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করাসহ নানা সময়ে মানসিক, শারীরিক নির্যাতন চালানো হয়েছে এই শিক্ষক নেতার ওপর। তাঁকে দলীয় মনোনয়ন দেয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিষয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির কারিকুলাম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সদস্য মো. জিয়াউর রহমান বলেন, কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কে দলীয় মনোনয়ন দিয়ে এমপিওভুক্ত শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে চাকরি জাতীয়করণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের অবারিত সুযোগ কাজে লাগিয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা আশা করছি বৈষম্যের শিকার শিক্ষক সমাজ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাবেন।