শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১

ফাহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামের অপর এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভা এলাকার বিজয় স্তম্ভ সংলগ্ন চিলারবাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগে তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। অসুস্থ রোজা ও নিহত আয়ান সম্পর্কে মামা-খালা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়ান, রোজা ও শান্তা নামের তিন শিশু চিলারবাগ এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় কয়েকজন পথচারী তাদের বাড়ি ফিরে যেতে বললেও তারা গোসল করতে থাকে। একপর্যায়ে শান্তা বাড়িতে ফিরে এলেও আয়ান ও রোজা পুকুরের পানিতে খেলাধুলা করতে গিয়ে তলিয়ে যায়।

স্বজনরা দীর্ঘ সময় তাদের না পেয়ে খোঁজখবর শুরু করলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে শিশুরা পুকুরে গোসল করছিল। পরে স্বজনরা পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রোজা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত ও অসুস্থ শিশুর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন