শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবের ভিশন ২০৩০: নতুন বিনিয়োগ, ব্যবসা ও কর্মসংস্থানের সম্ভাবনায় এগিয়ে বাংলাদেশিরা

রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ৭:১২ অপরাহ্ণ

সৌদি আরবের ভিশন ২০৩০: নতুন বিনিয়োগ, ব্যবসা ও কর্মসংস্থানের সম্ভাবনায় এগিয়ে বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্য ইনচার্জ। ফারুক আহমেদ চাঁন :

সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশটির অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এসেছে ব্যাপক পরিবর্তন। বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে তৈরি হয়েছে নতুন নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ।

এই পরিবর্তনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের পাশাপাশি সৌদি আরবে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছেন বাংলাদেশি উদ্যোক্তারাও। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি তাদের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

সৌদি আরবের ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আমিন সাজেদা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর শামিম আল আমিন।

বর্তমানে সৌদি আরবে তার প্রতিষ্ঠানের প্রায় চারটি শাখা রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি সৌদি আরবের পর্যটন ও সেবা খাতেও অবদান রাখছেন তিনি।

শামিম আল আমিন মনে করেন, সৌদি আরবের ভিশন ২০৩০ শুধু দেশটির নাগরিকদের জন্য নয়, প্রবাসী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

তার মতে, সৌদি আরবের পরিবর্তনশীল অর্থনৈতিক পরিবেশ ও নতুন ব্যবসায়িক সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারেন। এতে একদিকে যেমন সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী হবে, অন্যদিকে দেশে বিনিয়োগের পথও তৈরি হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে ব্যবসা করে সফল হওয়া বাংলাদেশি উদ্যোক্তারা ভবিষ্যতে বাংলাদেশেও বিনিয়োগে আগ্রহী হবেন। এতে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান আরও বাড়বে এবং দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।

শামিম আল আমিন বলেন, নতুন ব্যবসা মানেই নতুন কর্মসংস্থান। বাংলাদেশি বিনিয়োগকারীরা সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ করলে দুই দেশের অর্থনীতি ও কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর মাধ্যমে তৈরি হওয়া নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের এই অগ্রযাত্রা আগামী দিনে আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন