সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে একটি বাসের ব্যাটারি চুরির আখ্যা দিয়ে বাবু (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও মো: নাঈম (২৯)। গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম হোসেন ও নাঈম সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের লোক বলে জানা যায়।
শুক্রবার (১৭ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ইসলাম (পিপিএম) মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
এর আগে গত ৬ মে মামলার এজহারভুক্ত আসামী মামুনকে (৩৮) গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বিজ্ঞ আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামী মামুন মোঃ সাদ্দাম হোসেন ও মো: নাঈমসহ অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ইসলাম (পিপিএম)। পলাতক বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম হোসেন পাইনাদী নতুন মহল্লা এলাকার জয়নাল আবেদীনের ভাড়াটিয়া মোঃ লিটন মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি রূপগঞ্জের মাসাবো এলাকায়। এবং নাঈম পাইনাদী নতুন মহল্লা এলাকার সোহেল মিয়ার ভাড়াটিয়া শাহজাহান সরকারের ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবীপুর এলাকায়।
উল্লেখ্য যে, সাদ্দাম হোসেন ও নাঈম এলাকায় নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের লোক ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারা উভয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ফুটপাটের হকারদের কাছ থেকে কাউন্সিলরের নামে চাঁদা আদায় করে থাকে।
গত ২২ এপ্রিল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় বাবুকে মনার নেতৃত্বে কয়েকজন মারধর করে আহত অবস্থায় বাসায় দিয়ে যায়। পরের দিন সকালে নিজ বাসা থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে বাস মালিক মনার পক্ষ নিয়ে লোকজন তার ছেলে বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন, অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দেওয়ার জন্য বাবুর মা ফুলমতিকে শাসানো হয়। নিহত যুবক বাবু সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী জোড়া খাম্বা এলাকার মৃত ইব্রাহিম বেপারীর ছেলে। এ ঘটনায় নিহত বাবুর মা ফুলমতি বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নং ৩২(০৪)২৪ইং) দায়ের করেন ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ব্যাটারি চুরির আখ্যা দিয়ে বাবুকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য পলাতক আসামীদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।