মধ্যপ্রাচ্য প্রতিনিধি | ফারুক আহমেদ চান :
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, অধিকার, কল্যাণ এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দূতাবাস রিয়াদে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন-এর সঙ্গে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম-এর এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুলাই (রবিবার) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রবাসীদের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় অপহরণ, ছিনতাই, ই-পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা, দেহব্যবসা, কর্মসংকট, নতুন কর্মসংস্থানের সম্ভাবনা, দূতাবাসের সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি (প্রধান) ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি ও ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক নবযুগের সৌদি আরব প্রতিনিধি ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল-আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির সৌদি আরব প্রতিনিধি মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজী টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিমসহ ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মতবিনিময় সভায় প্রবাসী সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। তারা প্রবাসীদের প্রত্যাশা, দূতাবাসের সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা এবং প্রবাসী সমাজের কল্যাণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার বিষয়েও গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। প্রবাসীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে দূতাবাস সর্বদা সচেষ্ট থাকবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের সাফল্য, সংগ্রাম ও বাস্তব চিত্র দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সভায় প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা, সমস্যার বাস্তব চিত্র তুলে ধরা এবং বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সমাজের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন গড়ে তুলতে তারা অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
আলোচনা শেষে উভয় পক্ষই প্রবাসীদের কল্যাণে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।