শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নূর হোসেন সহ ১০ সহযোগীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২০ পূর্বাহ্ণ

নূর হোসেন সহ ১০ সহযোগীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসিরদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন সহ তার ১০ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন আদালতে নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতারা হলেন, বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত সহকারী পুলিশ সুপার এসকে আলাউদ্দিন, এসআই কাজী শাওন ও এএসআই সেলিম। সাক্ষগ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন।

নুর হোসেনের সহযোগীরা হলেন, তার ভাতিজা ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদল, ছোটভাই ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, শাহজাহান, জামাল, সানাউল্লাহ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, হারুন অর রশিদ ও আলী মোহাম্মদ। বাকী দুইজন পলাতক রয়েছে। তাদের নাম পাওয়া যায়নি। এর আগে সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নেয়া হয়েছে নূর হোসেনকে।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০১৪ সালে বিপুল পরিমান মাদক উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় আজ প্রশাসনের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন