ফারুক আহমেদ চাঁন, মধ্যপ্রাচ্য ইনচার্জ :
একসময় সৌদি আরবের ব্যবসা-বাণিজ্যে ইয়েমেনি, পাকিস্তানি ও ভারতীয় উদ্যোক্তাদের উল্লেখযোগ্য আধিপত্য থাকলেও সময়ের সঙ্গে সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। কঠোর পরিশ্রম, সততা ও উদ্যোক্তা মনোভাবকে পুঁজি করে বাংলাদেশিরাও এখন সৌদি আরবের বিভিন্ন খাতে সফলতার সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন। গড়ে তুলছেন একের পর এক আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শিফা মোহাম্মদিয়া ফিশারিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সৌদি স্পন্সর নাসের বিন জুমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির এবং প্রতিষ্ঠানের কর্ণধার কলিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০-কে কেন্দ্র করে দেশটিতে ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা বিভিন্ন খাতে সাফল্যের স্বাক্ষর রাখছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, শিফা মোহাম্মদিয়া ফিশারিজ মানসম্মত পণ্য ও সেবার মাধ্যমে সৌদি বাজারে আস্থা অর্জন করবে এবং ভবিষ্যতে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। একই সঙ্গে তারা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।