সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ৩টি কয়েল ফ্যাক্টরী, একটি সিরামিক ফ্যাক্টরী ও একটি ডাইং ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে অভিযানকালে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ও পুলিশ প্রশাসনের একটি টিম।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানাম, অভিযানকালে ডায়মন্ডস সিরামিকস ফ্যাক্টরী ও আত তাকওয়া ডাইং ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেগুলো বিচ্ছিন্ন করা হয় এবং মালিক কর্তৃপক্ষকে না পাওয়ায় এই দু’টি ফ্যাক্টরী সিলগালা করা হয়।
এছাড়া মেসার্স শারমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং সোনালী নামক কয়েল উৎপাদনকারী ফ্যাক্টরির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ফ্যাক্টরিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। অন্য দুইটি কয়েল ফ্যাক্টরির অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয় এবং মুচলেকা নেয়া হয়।