সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের কাজ নিয়ে বিরোধের জের যুবলীগ ও তাঁতী লীগের সংঘর্ষ আহত-৮। ব্যাপক ভাংচুর করা হয়েছে দুইটি দলীয় কার্যালয়। আদমজী ইপিজেডের ভিতরে একটি গার্মেন্টস কারখানায় নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সুমিলপাড়া এলাকায় তিন দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের নারায়ণগঞ্জ খানপুর এবং ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এঘটনায় কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।