সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১। গতকাল সোমবার বেলা ৩’টায় শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
আহত ভূট্রো জানায়, ফতুল্লা থানার ভুইগড় গরুর হাট থেকে সাজিদ নামে হাটের এক ব্যাক্তিসহ আমরা তিনজন মটর সাইকেলে করে সিদ্ধিরগঞ্জে হাট দেখতে আসছিলাম। পথিমধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজী-শিমরাইল সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে আমাদের মোটরসাইকেলের সাথে একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আলমাছ ছিটকে সড়কে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ভুট্টো আরো জানায়, দূর্ঘটনার পর মোটরসাইকেল চালক সাজিদ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করেছে। তবে গাড়িটির চালক পালিয়ে যায়। নিহত আলমাছ নাটোর জেলার সিংড়া থানার কালীনগর গ্রামের মৃত খালেকের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম জানান, সড়ক দূর্ঘটনায় একজন গরু ব্যাবসায়ী নিহত হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।