মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এবং বিভিন্ন বিদেশী পণ্যের গায়ে আমদানিকারকের ট্যাগ ও সীল না থাকার অপরাধে সিদ্ধিরগঞ্জে দুটি ঔষুধের দোকান (ফার্মেসী)সহ তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ নভেম্ব) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে, নারায়ণগঞ্জ সদর উপজেলার চিটাগাংরোড এলাকায় বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য পরির্দশন করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে হিরাঝিল ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মের্সাস ইমন এন্টারপ্রাইজকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা এবং বিভিন্ন বিদেশী পণ্যের গায়ে আমদানিকারকের ট্যাগ ও সীল না থাকার অপরাধে হীরাঝিল সিটি মার্কেটককে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।