বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

বুধবার, ১৭ জুন ২০২৬ | ৭:০২ অপরাহ্ণ

কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

সোহেল কবির,  নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাজাহান কোম্পানির বাড়ি থেকে দক্ষিণ বারুইপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে পথচারী, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।

বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এই সড়ক দিয়ে প্রতিদিন মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়, ছাওয়ার মডেল হাই স্কুল, আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাটাব টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে এবং বাড়ি ফিরতে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, কাঞ্চন পৌরসভার আওতাধীন হলেও দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার হয়নি। অথচ এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। দ্রুত সংস্কার না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, “কাঞ্চন পৌরসভার মধ্যে এমন বেহাল রাস্তা খুব কমই রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা কাঞ্চন পৌরসভার  সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, জনদুর্ভোগ,  এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটির উন্নয়ন করা হোক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন