শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে তারাব পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কে এম সিয়াম

শনিবার, ২৩ মে ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে তারাব পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কে এম সিয়াম

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জ ও তারাব পৌরসভার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন তারাব পৌরসভার কৃতি সন্তান, বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর কে এম মাহমুদ হাসান সিয়াম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা অনাবিল শান্তি, আনন্দ ও ত্যাগের মহিমা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয়ে বয়ে যায় আনন্দের মৃদু দোলা। এই ঈদ কেবল উৎসব নয়, বরং আত্মত্যাগ, তাকওয়া ও মানবতার এক মহান শিক্ষা।
তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানরা প্রিয় পশু কোরবানি করে থাকেন। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে মানুষের তাকওয়া ও আন্তরিকতা। তাই কোরবানির মূল শিক্ষা হলো আত্মসংযম, ত্যাগ এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা।
কে এম সিয়াম বলেন, ঈদুল আজহা শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর অন্তর্নিহিত শিক্ষা হলো মানবিকতা, সামাজিক সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা। সমাজের ধনী ব্যক্তি যখন নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে পশু কোরবানি করে সেই মাংস গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন, তখন সমাজে সৃষ্টি হয় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।
তিনি বলেন, ইসলাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে কোরবানির গোশতের একটি অংশ দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করতে। ঈদের দিনে মুসলমানরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, যা সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত।
শেষে তিনি বলেন, “কোরবানি আমাদের অহংকার নয়, বরং নম্রতা শেখায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত ইবাদত। গরিব মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই কোরবানির প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।”
তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ রূপগঞ্জ ও তারাব পৌরসভার সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন