নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড নাফ পরিবহনের মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে বিএনপির ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) রিন্টু কুমার বাদী হয়ে নাশকতা অভিযোগে এ মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মামলার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড নাফ বাস পুড়ানোর ঘটনায় থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার অন্যান্য আসামিরা হলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল আমিন সিকদারসহ বিএনপির ৯৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার উদ্দেশ্যে নাফ পরিবহনের একটা মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।