মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের বাড়ি ও নাসিক কার্যালয়ে ফের হামলা হলেও অভিযোগ নেয়নি পুলিশ

শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের বাড়ি ও নাসিক কার্যালয়ে ফের হামলা হলেও অভিযোগ নেয়নি পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের বসত বাড়ি ও নাসিক কার্যালয়ে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও অজ্ঞাত কারণে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোন অভিযোগ নিচ্ছে না বলে দাবী ভুক্তভোগী পরিবারের।

এদিকে থেমে থেমে গত কয়েকদিনে সন্ত্রাসী হামলা চালিয়ে বিএনপি নেতা ইকবালের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। সর্বশেষ গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইকবাল হোসেনের কাউন্সিলর কার্যালয়ে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় কিশোর গ্যাং টেনশন গ্রুপের সদস্যরা।

ইকবাল হোসেনের পরিবারের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: শফিকুল ইসলাম শফিকের ছেলে ‘টেনশন গ্রুপ’ নামক কিশোর গ্যাং প্রধান রাইসুল ইসলাম সীমান্তের নেতৃত্বে বেশ কয়েকবার তাদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে এই বাহিনীর সদস্যরা। গত কাল শুক্রবার সন্ধ্যায়ও কাউন্সিলর ইকবালের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এই কিশোর গ্যাং এর সদস্যরা।

তবে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কোন সহায়তা পাচ্ছে না বলে দাবী করেন ভুক্তভোগীর পরিবার। একের পর এক হামলার ঘটনায় আতঙ্কে দিনপার করছে বিএনপি নেতা ইকবালের পরিবারের সদস্যরা।

সূত্রে জানা যায়, মিজমিজি আব্দুল আলি পুল এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহুল বিতর্কিত শফিকুল ইসলাম শফিকের হুকুমে তার ছেলে কিশোরগ্যাং ‘টেনশন গ্রুপ’র প্রধান সীমান্তের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বসতবাড়ি ও কার্যালয়ে হামলা চালায়। হামলাকারিরা কার্যালয়ের সমস্ত জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কার্যালয়ে কোন লোকজন না থাকায় ব্যাপক ভাঙচুর চালায় কিশোরগ্যাং “টেনশন গ্রুপের” সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, সেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের ছেলে রাইসুল ইসলাম সীমান্ত কিশোরগ্যাং “টেনশন গ্রুপের” প্রধান। এই টেনশন গ্রুপের সদস্যরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করার সাহস পায়না। এলাকায় মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই, মারামারিসহ প্রতিটি অপরাধ জনিত ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত এই বাহিনীর সদস্যরা।

এদিকে ২০২২ সালের ৬ আগষ্ট শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ “টেনশন গ্রুপের” প্রধান সীমান্তসহ ৭ সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব-১১‘র একটি দল। এসময় তাদের তল্লাশি করে ১ টি গুপ্ত ছোরা, ২ টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ২ টি ছোরা এবং ২ টি লোহা ও ষ্টিলের পাইপ উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা ইকবালের স্ত্রী রোজি ইকবাল বলেন, হামলার ঘটনার পর শুক্রবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে ব্যস্ততা দেখিয়ে পুলিশ আমাকে দু’ঘন্টা বসিয়ে রাখে। রাত ১০ টায় বাহির থেকে অভিযোগ লিখে আনতে বলেন পুলিশের সদস্যরা। পরবর্তীতে অভিযোগ লিখে আনলে ডিউটি অফিসার তা রিসিভ করেননি। তিনি জানান ওসি স্যারের সাথে কথা বলে পরে আপনাকে জানানো হবে। ন্যায় বিচার পাচ্ছেন না বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ইকবাল হোসেনের স্ত্রী।

অন্যদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপি নেতা মো: ইকবাল হোসেন বলেন, দেশে গনতন্ত্র নেই। বিচার বিভাগের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আমার বাসায় সেচ্ছাসেবকলীগ নেতা শফিকের ছেলে সীমান্ত একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করলো পুলিশের কোন সহযোগিতা আমি পাইনি। সর্বশেষ গতকাল শুক্রবার আমার কাউন্সিলর কার্যালয়ে ফের হামলা চালায় সীমান্তসহ তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় আমার স্ত্রী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে জানান তিনি।

হামলার বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিককে একাধিক বার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অভিযোগের বিষয়টি সঠিক নয়। কেউ অভিযোগ দিলে পুলিশ অবশ্যই অভিযোগ নিবে। শুনেছি সেখানে বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ভাঙচুর হয়েছে। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবে বলেও জানান ওসি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন