নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশে বাংলালিংক টাওয়ারের নিচ থেকে হাতবোমা গুলো উদ্ধার করা হয়। ওই স্থানে জড়ো অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে সংবাদ দেয় স্থানীয়রা।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো: জোবায়ের হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হাতবোমা গুলো বিকেল পর্যন্ত ঘিরে রাখে। বিকেল ৩টায় ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমা গুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে দূষ্কৃতিকারীরা কোন বড় ধরণের অপরাধ সংঘটিত করার জন্য হাতবোমা গুলো এখানে জড়ো করে রাখতে পারে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, কে বা কারা এই বোমা গুলো এখানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে।