সোহেল কবির,বিশেষ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আয়োজিত ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
শুক্রবার রাত ও শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ব্যতিক্রমধর্মী ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর। এ উপলক্ষে আগের দিন থেকেই মঞ্চ, প্যান্ডেল ও অন্যান্য প্রস্তুতির কাজ চলছিল।
অভিযোগ রয়েছে, শুক্রবার রাত প্রায় ৮টার দিকে মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত অনুষ্ঠানস্থলে এসে মহড়া দেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সাজসজ্জা ভাঙচুর করে। এতে অনুষ্ঠানের প্রস্তুতি ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এনসিপি নেতাকর্মীরা জানান, ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুনরায় অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে শনিবার বিকেলেও পুনরায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
দলটির নেতারা দাবি করেন, রাজনৈতিকভাবে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।