নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে।
নিহত লিয়া ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে এবং সরকারী সফর আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বৃহষ্পতিবার রাতে লিয়া প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে তার মায়ের সাথে শয়ন কক্ষে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় পাশের রুমে গিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে লিয়াকে না পেয়ে তার মা পাশের রুমে গিয়ে সেখানে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে তিনি চিৎকার করতে থাকেন। এসময় তার আর্তচিকিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আশে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওসি আরো জানান, কি কারণে আত্মহত্যা করছে তা জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে।