মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ৪:০২ অপরাহ্ণ

রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে  জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলা চালিয়ে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, দখলকারীরা জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতঘর ভেঙে দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন হয়। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তারা।

জমির মালিক সিঙ্গাপুর প্রবাসী জসিম মিয়া জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকার পিতলগঞ্জ মৌজায় এস এ দাগ নং – ২০৮ ,ও আর এস -১৭৯ দাগের ২৫.৩৮ শতাংশ তাদের পৈত্রিক জমি ৫০ বছর শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। একই দাগের ১৬ শতাংশ জমি বিগত সরকারের আমলে স্থানীয় রাকিবুল হাসান মিঠু ও তার লোকজন আমাদের জমির মালিকানা দাবি করে। জোরপূর্বক দখল করে এবং বাউন্ডারি নির্মাণ করে। এসময় জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে, বসতঘর ভেঙে ফেলে । এতে আমাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে,বলেন তিনি।

জসিম মিয়ার বড় ভাই মোশারফ হোসেন বলেন, সোমবার (২০ অক্টোবর) সকালে আমি আমাদের জমিতে গেলে মিঠুর লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

প্রবাসীর পিতা আব্দুস সামাদ হাজী অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জমিতে বসবাস করছিলাম। হঠাৎ তারা এসে দখল নিয়ে নিল। প্রশাসনের কাছে অভিযোগ করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।

প্রবাসীর মাতা মনোয়ারা বেগম বলেন, আমরা অসহায় অবস্থায় আছি। তারা প্রায়ই এসে গালাগাল ও হুমকি দেয়। রাতে ঘুমাতেও ভয় লাগে।

প্রবাসীর ভাবী সিথি আক্তার বলেন,আমাদের জমি জোরপূর্বক সন্ত্রাসী বাহিনীরা দখল করেছে। আমাদের জিম্মি করে বাড়িতে আটকে রাখে, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারতাম না ,বাহিরে বের হলে বিভিন্ন হুমকি ধামকি দেয় আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করি প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত এবং ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তারা তাদের পৈত্রিক সম্পত্তি পুনরায় ফিরে পেতে পারেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন