সোহেল কবির,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুদের টাকার লভ্যাংশ দিতে না পারায় মোস্তফা (৪২) নামের এক যুবককে সুদ ব্যবসায়ীর বাড়িতে নিয়ে বেধড়ক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে সুদ ব্যবসায়ী বাতেন প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় ওঠেছে। গত রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। নিহত মোস্তফা তারাব পৌরসভার মৈকুলী এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে।
নিহতের ভগ্নিপতি খোরশেদ মিয়া জানান, বিগত দুই মাস আগে মৈকুলী এলাকার বাতেন প্রধানের কাছ থেকে সপ্তাহে ২শ টাকা লভ্যাংশ দেওয়ার শর্তে দুই হাজার টাকা নেন মোস্তফা। প্রথম মাসের টাকা পরিশোধ করা হয়। কিন্তু গত মাসের লভ্যাংশের টাকা না দিতে পারায় বাতেনসহ তার লোকজন আমার সুমন্দি মোস্তফাকে রাস্তা থেকে তুলে নিয়ে তাদের রুমে আটকে বেধড়ক নির্যাতন চালায়। চালানোর এক পর্যায়ে তার অবস্থা খারাপ হলে বাতেন প্রধানের বাড়ির সামনের সড়কে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বগত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত বাতেন প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।