রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার সুইং সুইং অ্যান্ড ফিনিশিং সেকশনের ফ্লোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কারখানাটির ভেতরে আগুন লেগে গেলে কাপড় এবং বিভিন্ন মেশিনারিজ পুড়ে যায় এবং একটি দেওয়ালও ভেঙে পড়ে।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় বিস্ফোরণ ঘটে। এদিন কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানা ভবনের ৭ তলায় সুইং সেকশন। ফ্লোরটির দরজার জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়। গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
অন্তিম নিটিং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানার এইচআর এডমিন মাহবুবুর রহমান বলেন, কারখানার সুইং শাখা বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারখানায় শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগঁাও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলমগীর হোসেন জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে আগুন নেভাতে সক্ষম হয়। বিস্ফোরণের ফলে সাততলার দেয়াল ভেঙে গেছে।
তিনি জানান, বিস্ফোরণের বিকট শব্দে কারখানার নিচতলার প্রধান ফটক-সংশ্লিষ্ট পাকা দেওয়াল ও গেট ভেঙে ঢাকা সিলেট মহাসড়কের ওপরে পড়ে। দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।
রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) তন্ময় মণ্ডল জানান, বরপা এলাকায় অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।