আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে শত শত নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম।
আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন “মোশতাক কে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে সামনে দাঁড় করালেও জিয়া ছিলেন বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হতোনা। আর ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের জন্ম না হলে বায়ান্ন সালের ভাষা আন্দোলনসহ পরবর্তী সকল আন্দোলন গুলো সংঘটিত হতোনা। এ সময় তিনি ৬৯ এর গণ অভ্যুত্থান, বায়ান্নর ভাষা আন্দোলন, ৯০ এর গনঅভ্যুত্থানসহ পরবর্তী আন্দোলন গুলোর কথা উল্লেখ করেন ।
তিনি অনুষ্ঠানে জনসমাগম ও স্থানীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখে নারায়ণগঞ্জ ২( আড়াইহাজার) আসনের এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম বাবুর ভূয়ষী প্রশংসা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এডভোকেট আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ সুন্দর আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।