নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌর বাজারে দলের কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে বিএনপির ডাকা প্রতিবাদ সভা আওয়ামীলীগের বাধার মুখে পন্ড হয়ে যায়।
শুক্রবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কে বা কারা পার্শ্ববর্তী একটি বাঁশের দোকানে অগ্নীসংযোগ করে।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে ওই সময় গোপালদী পৌরবাজারে বিএনপির কেন্দ্রীয় নেতা, সহ আন্তার্জতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ পন্থিরা প্রতিবাদ সভার অয়োজন করে।
একই সময়ে একই স্থানে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য একটি কর্মসূচি দেয়। বিএনপি নেতা কর্মীরা সকাল ১১টার দিকে মিছিল নিয়ে পৌর বাজারে প্রবেশ করার চেষ্টা কালে তাতে বাঁধা দেয় আওয়ামীলীগের নেতা কর্মীরা। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কে বা কারা পার্শ্ববর্তী একটি বাঁশের দোকানে আগুন ধরিয়ে দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে দেয়। অপর দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনদেরকে শান্ত করে।
এ সময় আওয়ামীরীগ কর্মীরা মাঠে থাকলেও বিএনপি কর্মীরা পিছু হটতে বাধ্য হয়। ফলে বিএনপির প্রতিবাদ সভা পন্ড হয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সংঘটিত ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে রয়েছেন বলেও ওসি আজিজুল হক হাওলাদার জানান।