বন্দরে কল্যান্দী ১নং নয়ানগর এলাকায় কবুতর চুরির প্রতিবাদ করায় সোয়াদ (২২) নামের যুবককে দুই দফা পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত সোয়াদ নয়ানগর এলাকার সাইফুল ইসলাম এর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,কল্যান্দী ১নং নয়ানগর এলাকার সোয়াদ তার নিজ বাড়িতে কবুতর পালন করেন। একই এলাকার মোসলেউদ্দিন এর পুত্র ইমন সোয়াদ এর বাড়িতে কবুতর চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বলে জানান সোয়াদ এর পিতা সাইফুল ইসলাম। এর পরে এই ঘটনা নিয়ে বিবাদের জের ধরে সোয়াদকে গত ২১শে মার্চ লাঞ্চিত করে ইমন সহ আরও বেশ কয়েকজন৷
গত ২২ মার্চ আবারও ইমন তার পিতা মোসলেউদ্দিন, ভাড়াটে সন্ত্রাসী শামীম, রুবেল,জবেদ আলী,তাহমিনা সহ অজ্ঞাত আরও ৩/৪ জন সোয়াদকে রাত আনুমানিক ৮ তার দিকে বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে হত্যার উদ্দেশ্য লাঠিসোটা নিয়ে আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে গুরুতরভাবে আহত করে এবং সোয়াদ এর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও গলায় থাকা চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে সোয়াদ এর ডাক চিৎকারে এলাকাবাসী ও স্বজনরা এগিয়ে আসলে উল্লেখিত সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এই ঘটনায় আহত সোয়াদ এর পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে সোয়াদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।