সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মসজিদের নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শামীম আহমেদ ডালীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে আদমজী কদমতলী এলাকার দশতলা ভবনের পাশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম আহমেদ ডালী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৭১ নম্বর সদস্য ও ৭নং ওয়ার্ডের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে এলাকাবাসী ও দানশীল ব্যক্তিদের সহায়তায় কদমতলী এলাকার দশতলা ভবনের পাশে ‘বাইতুত তাক্বওয়া জামে মসজিদ’ নামে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়। শুরুতে মুসল্লিদের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। বর্তমানে জুমার নামাজের সময় মসজিদে জায়গা না পেয়ে আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে হচ্ছে। এতে এলাকাবাসীর চরম ভোগান্তি তৈরি হয়।
মসজিদ কমিটি দীর্ঘদিন ধরে পুনর্নিরমাণের চেষ্টা চালালেও পর্যাপ্ত অর্থের অভাবে কাজ শুরু করতে পারেনি। পরে তাদের উদ্যোগে এগিয়ে আসেন নীট কনসার্ট গার্মেন্টস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় দানশীল ব্যক্তি জাহাঙ্গীর আলম। তিনি প্রতিশ্রুতি দেন, মসজিদটি অন্তত দুই তলা পর্যন্ত নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবেন। তার সহযোগিতায় কিছুদিন আগে মসজিদটির পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শুরু হয়।
বুধবার দুপুরে মসজিদের কাজ পরিদর্শনে আসেন জাহাঙ্গীর আলম। এসময় তার মোবাইল ফোনে কল দেন বিএনপি নেতা শামীম ডালী। শামীম ডালী ফোনে হুমকি দিয়ে বলেন কার নির্দেশে মসজিদের কাজ চলছে আমাকে না জানিয়ে কেন এই কাজ শুরু করা হলো, জাহাঙ্গীর আলম তখন উপস্থিত মুসল্লিদের সামনে ফোনটি স্পিকারে দেন, ফলে কথোপকথন শুনে উপস্থিত মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পরিস্থিতি উত্তেজনাকর হলে জাহাঙ্গীর আলম ও মসজিদ কমিটির সভাপতি মুসল্লিদের শান্ত করেন।
মসজিদ কমিটির সভাপতি আলমাস বলেন, এখানে আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে। এলাকার সাধারণ মানুষ ও দানশীল ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। সেখানে একজন রাজনৈতিক নেতা মসজিদ নির্মাণে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক।
এসময় উপস্থিত মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদের কাজ বন্ধ করে দিয়ে নেতা সাজতে চাইলে জনগণ তাকে ভালো চোখে দেখবে না। এমন নেতাদের গণধোলাই দিলে নেতাগিরি টিকবে না।
স্থানীয়দের দাবি, এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে অযথা রাজনীতি করা ঠিক নয়। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যাতে কোনো ধরনের বাধা ছাড়াই মসজিদটির নির্মাণ কাজ শেষ করা যায়। এসময় তারা বলেন এসব পেতি নেতাদের জন্যই বিএনপির সুনাম ক্ষুন্য হচ্ছে।