নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী হযরত গরীবুল্লাহ শাহ ( রঃ) ও হযরত জঙ্গলী শাহ (রঃ) এর মাজার শরীফ এবং ওরশ উপলক্ষে ১৫ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মেলায় আগত দোকান্দারদের মধ্যে দোকান ঘরের ভিটি হস্তান্তরের মাধ্যমে মেলার উদ্বোধন করেন ৯ নং হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ সহ মেলা পরিচালনা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেলা অনুষ্ঠিত করার জন্য ২৮ জানুয়ারী থেকে ১৫ দিনের অনুমতি চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবরে আবেদন করা হলে বিভিন্ন কারণে জেলা প্রশাসকের অনুমতি পেতে ২ দিন পার হয়ে যায়।
তাই সোমবার থেকে মেলার সকল কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান মেলা সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই মেলায় অনেক দোকানদার ও মাজার প্রাঙ্গণে পাগল ফকিরদের সমাগম শুরু হয়েছে।