রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী- মদনগঞ্জ সড়কের লঙ্গুরদী নামক স্থানে লেগুনা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে । আহতদের মধ্যে আরো একজনের অবস্থা মূমুর্ষূ বলে জানিয়েছে পুলিশ। নিহত লেগুনার চালক রতন মিয়া (৩৫) উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার এস আই ফারুক ঘটনাস্থল থেকে জানান, বিকেল ৩ টার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুততগামী একটি লেগুনা ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখো মুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনা চালক রতন মিয়া নিহত হন। গুরুতর আহত তিন ব্যাক্তির পরিচয় মিলেনি। তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ লেগুনাটি ঘটনাস্থলে রাস্তার পাশে পড়ে রয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।