রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল দুপুরের দিকে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়িসত্যভান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ব্যবসায়ী কামাল হোসেন, তার ছেলে সিফাত, ভাতিজা গোলাম রাব্বি ও ভাই আনোয়ার। এ ঘটনায় কামাল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
চিকিৎসাধীন আহত কামাল জানান, দড়ি সত্যভান্দি এলাকার ব্যবসায়ী সালাম হাজী তার চাচাতো ভাই হন। বাড়ির পাশেই সালাম হাজীর একটি জমি রয়েছে। সেখানে একটিবঘর তোলে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছিলেন তিনি। প্রতিপক্ষ বিল্লাল ও বশীর গং হঠ্যাৎ করে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বুধবার দুপুরে তারা দোকান ঘরটি ভাংচুর করে। ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন দা, ছুরি, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তার ওপর প্রথমে হামলা চালায়। এ সময় ডাক-চিৎকারে তার পরিবারের অন্য সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।