আড়াইহাজার সংবাদদাতা : একযুগ পালিয়ে থাকলেও শেষতক র্যাব এর চোখ ফাঁকি দিতে পারেনি এক ফাঁসির আসামী। মৃত্যুদন্ডের রায় ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে র্যাব-১১ এর একটি বিশেষ টিম হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সেই পলাতক আসামীটিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতের নাম নবী হোসেন (৩৭)। সে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউপি’র বগাদী গ্রামের জায়েদ আলীর পুত্র। নবী সোনারগাঁ থানার একটি হত্যা মামলার আসামী।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে আড়াইহাজার থানাধীন বগাদী এলাকায় অভিযান পরিচালনা চালায়। উক্ত অভিযানে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী নবী হোসেন (৩৭) কে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় প্রদানের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানাগেছে, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং ভিকটিমের গলায় রুমাল পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে গ্রেফতারকৃত মৃত্যুদন্ড আদেশ প্রাপ্ত আসামি নবী হোসেন। নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো আসামী নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলা হওয়ার পর থেকেই আসামী নবী হোসেন দীর্ঘ ১২ বছর পলাতক ছিল। গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হত্যা মামলার আসামী নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। র্যাব-১১ এর তৎপরতায় বগাদী গ্রামবাসী ও সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন।