নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ীর সীমানা সংক্রান্তে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের জামির হোসেন এবং আবু তালেব গংদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বাড়ীর সীমানা সংক্রান্তে দ্ব›দ্ব বিদ্যমান। তারা পরষ্পরকে সংঘর্ষের ব্যাপারে হুমকী দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ওই দিন রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো দা, ছুরিইত্যাদী দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে পরষ্পরের উপর ঝাপিয়ে পড়েন। ফলে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০জন আহত হন। আহতরা হচ্ছেন, জামির হোসেন (৬০) সোহেল (২৮), রাজিব (২৬), নাজমা (৫০), মতিন (৬০), রাকিব (২২), মোক্তাকিন (১৬), আবু তালেব (৪০), রাজন (২৮), ও মোতালিব (৭০)। এদের মধ্যে জামির হোসেন এবং সোহেলকে অবস্থা গুরুতর বিধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা কেউ কেউ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, একটি পক্ষ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।