১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার। রোববার ১৪ আগস্ট সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ।
সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ নেতা সাত্তার সরকার বলেন , বাঙালি জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের স্বাধীনতা ও নিজস্ব ভূখণ্ড । বঙ্গবন্ধু , বাঙালি ও বাংলাদেশ একইসূত্রে গ্রথিত- একটি অন্যটির পরিপূরক । ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দেশকে বিপরীত স্রোতে নিয়ে যেতে চেষ্টা করে । পাকিস্তানি ভাবধারা পুনঃগ্রথিত করার প্রয়াসে রাজনৈতিক , সাংস্কৃতিক ক্ষেত্রে পুরনো মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা চালায় ।
তিনি বলেন , মুক্তিযুদ্ধের সময়ে ‘ জয় বাংলা ‘ স্লোগান পুরো জাতিকে উজ্জীবিত করতো । সেই স্লোগানই ‘৭৫ -এর ১৫ আগস্টের পর হয়ে যায় ‘ আওয়ামী লীগ এবং হিন্দুদের স্লোগান ‘ , যার ফলস্বরূপ ‘ বাংলাদেশ জিন্দাবাদ ‘ স্লোগান উচ্চারিত হতে থাকে । বাংলাদেশ বেতার হয়ে যায় ‘ রেডিও বাংলাদেশ ‘ । সংবিধানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আসে ধর্মের নামে রাজনীতিকে ব্যবহারের পুরনো কায়দা । ১৯৭৫ সালের ১৫ আগস্টের এ হত্যাকাণ্ড শুধু কতিপয় বাঙালি দুষ্কৃতকারী সেনা অফিসার দ্বারা সংঘটিত হয়নি , আমরা মনে করি এতে পরাজিত শক্তির ইন্ধন ছিল ।
তিনি আরো বলেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে । বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হলে জাতির জনকসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে ।