নারায়ণগঞ্জ, সোনারগাঁয় এক যুবককে আটক করেছে র্যাব-১১। আটককৃত যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৫ মার্চ) সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত যুবক রাজধানীর নবাবগঞ্জ সোনাপুর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে নূর হোসেন সৌরভ (২৪)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী একজন ছদ্মবেশী পেশাদার মাদক ব্যবসায়ী।
সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।