মো.জিয়াউর রহমান: বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁওয়ে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। ২৭ অক্টোবর ( বৃহস্পতিবার ) সকাল ১০ টায় প্রথমবারের মতো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় শিক্ষক দিবস ২০২২ অনুষ্ঠিত হয়। এবার শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল – “ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু ”।
শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আশ্রাফুজ্জামান ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বাংলাদেশে প্রথমবারের মতো শিক্ষক দিবস উদযাপন করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি জাতীয়করণের মতো চিরস্মরণীয় সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।তারা প্রত্যাশা করেন গুণগত শিক্ষা নিশ্চিত করতে, শিক্ষকদের জীবনমান উন্নত করতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার লক্ষ্যে সরকার অচিরেই কাজ শুরু করবেন।তার আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, জাতীয় স্কেল এর আলোকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কার্যকর করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক ও স্কাউটগণ উপস্থিত ছিলেন।