ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবন কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
গত বুধবার ১৫ জুন রাতে প্রিজাইডিং অফিসার মোঃ ফখরুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় ১৫ জনের নাম উল্লেখ্যসহ প্রায় ৫শ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মেম্বার প্রার্থী আল মাহবুব ও তার ভাতিজা রাজুকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
ঘটনাস্থল থেকে জানা যায়, মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ২ হাজার ৯ শত ৬৪ ভোট রয়েছে। এ ভোটের মধ্যে একটি পুরুষ ও মহিলা কেন্দ্র রয়েছে।ভোট গননার সময় দুই হাজার তিন’শ ভোট কাস্ট হয়েছে বলে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। ফলাফল দেওয়ার সময় মাত্র ১২শ ভোটের হিসাব দেখিয়ে প্রিজাইডিং অফিসার চলে আসতে চাইলে এ নিয়ে মেম্বার প্রার্থীদের সঙ্গে প্রিজাইডিং অফিসারের তর্কবিতর্ক হয়।
এসময় মেম্বার প্রার্থীরা সকলেই একত্রিত হয়ে পুনরায় ভোট গননার দাবি করেন। এক পর্যায়ে মেম্বার প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন বকাটে ছেলে ও মেম্বার প্রার্থী এলোপাতাড়ি আঘাত করতে থাকে। স্থানীয় লোকদের সহযোগিতায় প্রিজাইডিং অফিসারকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।