শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপও পাওয়া গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। গত বুধবার (১৪ অক্টোবর) সকাল সাতটার দিকে কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় নাদিমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগে এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছে।
নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তাঁর বাবার নাম জসিম উদ্দিন। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ঘর থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ভাড়াটে হিসেবে থাকতেন হাকিম মোল্লা নাম এক বক্তি। তাঁর বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে হাকিমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, লাশটি অর্ধগলিত হয়ে গেছে। নাদিমের হাত বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন