শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে নিরীহ যুবকের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে মামলার আসামীরা

শনিবার, ১৬ মে ২০২৬ | ৮:২৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে নিরীহ যুবকের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীতে মাদক দ্রব্য বিক্রিতে রাজি না হওয়ায় মো: মোস্তাক (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা হলেও প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে হামলাকারীরা। আট মাস অতিবাহিত হলেও হামলাকারী দুর্ধর্ষ মাদক সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৮টায় আদমজী বিহারী কলোনীর জামে মসজিদের সামনে একা পেয়ে ওই এলাকার মো: মোস্তাকিমের ছেলে মো: মোস্তাককে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় মোস্তাকের ছোট ভাই মো: ফয়সাল বাদী হয়ে আদমজী বিহারী কলোনী এলাকার আওয়ামীলীগ নেতা মেজর আলীর ছেলে শীর্ষ মাদক সম্রাট বাবলা (৩৬) কে প্রধান আসামী করে এবং ওই এলাকার অপর শীর্ষ মাদক ব্যবসায়ী নাহিদ (৩৫), রাকিব (৪০), আকাশ (২০), উকিল (৪২),  মিজান (২৫), বিল্লাল (২৮), সোলেমান (২৭), সজীব (২২), হৃদয় (২৩) ও জয় (২২) সহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী মাদক সম্রাট বাবলাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। ওই মামলায় বাবলা কয়েকমাস কারাবরণ করে জামিনে বেড়িয়ে আসে। রহস্য জনক কারণে মামলার অপর এজাহারনামীয় আসামীরা এলাকায় প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেরাচ্ছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এজাহারে বাদী ফয়সাল উল্লেখ করেন, মামলার আসামীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। তারা এলাকার সাধারণ যুবকদের ভয়-ভীতি দেখিয়ে মাদক বিক্রি করার জন্য বাধ্য করে। তারা আমার ভাই মুস্তাককে মাদক বিক্রি করার জন্য বললে আমার ভাই মাদক বিক্রি করবে না বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমার ভাইকে হত্যার হুমকী প্রদান করে। তারই সূত্র ধরে আদমজীনগর জামে মসজিদের সামনে আমার ভাইকে একা পেয়ে দেশীয় ধাড়ালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কোপালে একাধিক গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় তাদের মারধর থেকে বাঁচার জন্য আমার ভাই চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। এসময় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আমার ভাই চিকিৎসাধীন রয়েছেন।
বাদী ফয়সালের অভিযোগ, এ মামলায় বাবলা গ্রেফতার হলেও তার সহযোগী অন্যান্য আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেরালেও পুলিশ তাদের গ্রেফতার না করায় আমরা আতঙ্কে রয়েছি। অনতিবিলম্বে মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি আমার জানা নেই। যদি তারা এজাহারনামীয় আসামী হয়ে থাকে তাহলে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। অপরাধীরা যত বড় প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন