শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগ

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৬:২৬ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর-চেঙ্গাইন সড়কের পাশে খালপাড় এলাকার দীর্ঘদিন ফেলা হচ্ছে বজর্য। এ এলাকার দোকানি ও বাসিন্দারা প্রতিনিয়ত এসব ময়লা-আবর্জনা ফেলছেন। এতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ওই এলাকা। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি আবর্জনার স্তূপ ও দুর্গন্ধে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে ওই এলাকার মানুষ। যানবাহনে চলাচলকারী যাত্রীদেরও নাক চেপে চলাচল করতে হয়।

সরেজমিনে দেখা যায়, আশপাশের এলাকা থেকে ভ্যানে করে আবর্জনা নিয়ে আসছে মানুষ। সেখানকার ময়লার স্তূপকে যে কারো ছোট একটি পাহাড় মনে হবে। পাশেই মোশাররফ হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
এ সড়ক দিয়ে প্রতিদিন ৫-৬ হাজার মানুষের যাতায়াত। ফলে এ ভাগাড়ের কারণে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

লিলি বেগম নামের এক স্থানীয় বাসিন্দা জানান, কাঁচপুরের বিভিন্ন স্থানের আবর্জনা ভ্যানে করে এখানে ফেলা হয়। পঁচা গন্ধে এখানকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। বছরের পর বছর এ সমস্যা নিয়েই আমরা বসবাস করে আসছি।

মাঝে মধ্যে আবর্জনার কারণে রাস্তার অধিকাংশ স্থান ডাকা পড়ে। এর ফলে তখন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে চলাচল করতে সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো নজরদারী চোখে পড়েনি।

কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার শাহাজাহান সিরাজ বলেন, আমি নিজেও ভুক্তভোগী। এ বিষয়ে চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, খালপাড় চেঙ্গাইন এলাকায় দীর্ঘদিন ধরেই ভাগাড়টি রয়েছে। আমি নিজ উদ্যোগে কয়েকবার ওই স্থান থেকে ময়লা অপসারণ করেছি। কিছুদিন পর আবারও ওই স্থানে ময়লা ফেলা হচ্ছে। তবে কে বা কারা ময়লা ফেলছে তা আমার জানা নেই।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলাম জানান, স্থানটিতে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। হয়তো ওই এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। তাই এলাকাবাসী এখানে বার বার ময়লা ফেলছে। ময়লা অপসারণ করতে ওই এলাকার চেয়ারম্যান, এলাকাবাসীকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন