রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে হত্যার চেষ্টা ও গুরুতর জখম করা হয়েছে দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আয়নাল হক (৪৮) কে। আহত করা হয় তার পরিবারের আরো ৩ জনকে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে সঙ্গে সঙ্গে তিন আসামীকে গ্রেফতার করে বৃহষ্পতিবার কোর্টে চালান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার গ্রীনলাইন সিটি কোম্পানীর বালুর মাঠে।
এজাহার সূত্রে জানা যায় যে, ওই সময় হামলার শিকার পাল্লা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ কাশেম আলীর ছেলে আয়নাল হক, তার ভাই কামরুল এবং বকুল মিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বান্টি বাজার থেকে নিজ বাড়িপাল্লা গ্রামে যাচ্ছিলেন। তারা গ্রীনলাইন সিটি কোম্পানীর বালুর মাঠে আসা মাত্র পাল্লা গ্রামের মতিউর রহমানের নেতৃত্বে সজিব, মাকসুদসহ ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী প্রকৃতির লোক পূর্ব আক্রোশ বশত ধারালো চাপাতি, দা, ছুরি ইত্যাদী দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। ওই সময় হামলাকারীরা আয়নাল কে কুপিয়ে গুরুতর জখম করে এবং অপর দুজনকে মারপিট করে আহত করে তাদের সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এঘটনা ঘটিয়ে হামলাকারীরা আয়নালের বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মাকেও মারপিটে আহত করে। পরে হামলাকারীরা আহতদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য আড়াইহাজার থানায় আসলে আগে থেকে থানায় ঘটনার আসল তথ্য থাকার কারণে পুলিশ তিন জনকে আটক করে ফেলে। পরে তাদেরকে মামলা দিয়ে বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে বেশ কয়েক দফায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তিন জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।