নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১-এর সিপিএসসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান।
পরে পরিত্যক্ত জমিদার বাড়িটির আশপাশে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।