মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পাগলা কুকুরের কাম‌ড়ে আহত ১৬

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | ৮:১৪ অপরাহ্ণ

আড়াইহাজারে পাগলা কুকুরের কাম‌ড়ে আহত ১৬

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি গ্রামে একটি ‘পাগলা কুকুরের’ আক্রমণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার মহাখালী জলাতঙ্ক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয়দের ভাষ্য, কুকুরটি প্রথমে উপজেলার বগাদী গ্রামে ঢুকে কয়েকজনকে কামড়ায়। পরে সেটি পাশের রামচন্দ্রদী ও জালাকান্দি গ্রামে গিয়ে সামনে যাকে পেয়েছে, তাকেই আক্রমণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র বলছে, আক্রান্তদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। আহতদের মধ্যে জুবায়ের (৫), জান্নাতুল ফেরদৌস (৩২), কুলসুম (৪০), ডলি (৪৫), রায়হান (২০), জাহাঙ্গীর (৪০), ওমর আলী (৭০), সাগরিকা (৩০), ফাতেমা (৩৫) ও হাওয়া (৩০)-এর নাম জানা গেছে। আরও কয়েকজন চিকিৎসা নিয়েছেন।
বগাদী গ্রামের বাসিন্দারা জানান, প্রথমে জুবায়ের নামে এক শিশুকে কামড়ানোর পর কুকুরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে তিন গ্রামজুড়ে। বিশেষ করে শিশুদের বাইরে যেতে বারণ করছেন অভিভাবকেরা।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল বলেন, আহতদের হাসপাতালে এনে জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী জলাতঙ্ক হাসপাতালে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন