শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | ৬:৪২ অপরাহ্ণ

আড়াইহাজারে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আড়াইহাজারে গ্রাম আদালত ত্রৈমাসিক সমন্বয় সভা ও পর্যায়ক্রমে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি (ভিসিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, দুপ্তারা ইউনিয়ন পরিষদের প্রশাসক আয়েশা আক্তার, থানার ওসি খন্দকার নাছির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ইশরত জাহান ভূঞা, থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো—অর্ডিনেটর মোছা. হাসিনা খাতুন।

সভায় গ্রাম আদালত প্রকল্পের উদ্দেশ্য, আদালতের ক্ষমতা ও এখতিয়ার, বিচারযোগ্য ফৌজদারী ও দেওয়ানী মামলার ধরন, এখতিয়ার বহির্ভূত মামলার নিষ্পত্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভূমিকা, বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইউনিয়ন পরিষদসমূহে দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলার পরিসংখ্যান উপস্থাপন করা হয়। সভার শেষাংশে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্মপরিধি নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ তাঁর সমাপনী বক্তব্যে গ্রাম আদালত সক্রিয়করণে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন